ফিলিস্তিনে সফর করতে গিয়ে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে আটক হন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা রো খান্না। রাইফেলধারী অবৈধ বসতি স্থাপনকারীরা তাকে ও সফরসঙ্গীদের এক ঘণ্টার বেশি সময় আটকে রাখে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ তোলেন রো খান্না। পোস্টে তিনি অবৈধ বসতি স্থাপনকারীদেরকে সহায়তা করার অভিযোগ তোলেন ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। খবর আল জাজিরার।
পোস্টে রো খান্না লিখেছেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর বসতি স্থাপনকারীদের পক্ষ নেয় এবং আমাদের আটকে রাখে।’ ঘটনার বিস্তারিত শিগগিরই প্রকাশ করবেন বলেও জানান মার্কিন এই আইনপ্রণেতা।
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে থাকা রো খান্না সতর্ক করে আরও বলেছেন, ইসরায়েলিরা একটি ‘বড় ভুল’ করেছে।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েলি সরকারের প্রশ্রয়ে অবৈধ বসতি স্থাপনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্র-সমর্থিত জাতিগত নিধনের অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত মাসে বেশ কয়েকটি পশ্চিমা দেশ বসতি স্থাপনকারীদের সহিংসতার সঙ্গে জড়িত নেটওয়ার্কগুলোর ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রো খান্না বলেন, গত বুধবার (৮ জুলাই) তার দলকে ‘মেশিনগানধারী গুন্ডারা’ আটকে রেখেছিল। তারা রাস্তা আটকে দেয় এবং ইসরায়েলি সেনাবাহিনীকে ডাকে। এরপর সেনাবাহিনীও তাদের পক্ষ নেয়।
তিনি আরও জানান, বসতি স্থাপনকারীদের কাছে থাকা অ্যাসল্ট রাইফেলগুলো ছিল মার্কিন নির্মিত।
ডিআরএম নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন এ আইনপ্রণেতা জানান, অধিকৃত পশ্চিম তীর ও ইসরায়েলে কাটানো সময়ের অভিজ্ঞতা তাকে বর্ণবাদী আচরণের ভয়াবহতা বুঝতে শিখিয়েছে। তিনি বলেন, ‘আমি ওই বসতি স্থাপনকারীদের চোখে চরম অহংকার দেখেছি। ২১-২২ বছরের তরুণরা বন্দুক হাতে আমাদের আটকে রেখে হাসাহাসি করছিল। আমার করের টাকায় বেতন পাওয়া ইসরায়েলি তরুণ সেনাদের মধ্যেও একই অহংকার দেখেছি। আমেরিকানদের আটক করার সময় তাদের মধ্যে বিন্দুমাত্র সম্মানবোধ ছিল না।’
খান্নার সফরসঙ্গী ও তার সহযোগী ক্যামেরন কাস্কি জানান, তাদের এক ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়েছিল। এ সময় তারা সাহায্যের জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে কয়েকজন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে তারা মুক্তি পান।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, খিরবেত জানুতা নামক ছোট একটি ফিলিস্তিনি গ্রামের কাছে অবৈধ বসতি স্থাপনকারীদের যানবাহন চলাচলে বাধা দেয়ার খবর পেয়ে সেনা ও পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উল্লেখ্য, ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর সহিংস বসতি স্থাপনকারীদের হামলার মুখে এই গ্রামের বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছিলেন।
আরটিভি/এসএইচএম




